জুড়ীতে স্বামীর নির্যাতনে স্ত্রী খুন

March 7, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ীতে যৌতুকের দাবী মেটাতে না পেরে পাষন্ড স্বামী আব্দুন নূরের নির্যাতনে খুন হলেন স্ত্রী সুমি বেগম (১৯)।
৪ মার্চ রোববার সকালে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পুঁটিছড়া গ্রামের জোয়াদ আলীর বাড়ীতে ঘটনাটি ঘটেছে। নিহত সুমি সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের দুবাই প্রবাসী আলা উদ্দিনের বড় মেয়ে। পুলিশ এ দিন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বাবার বাড়ির লোকজনের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ ও নিহতের বাবার বাড়ির লোকজন সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে উপজেলার পুঁটিছড়া গ্রামের জোয়াদ আলীর ছেলে আব্দুন নুরের সাথে হোসেনাবাদ গ্রামের দুবাই প্রবাসী আলা উদ্দিনের বড় মেয়ে সুমি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমির স্বামী আব্দুন নুর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতেন। সুমি বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীর দাবি মিটাতেন। যৌতুক দাবী নিয়ে গত ৪ মার্চ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী আব্দুন নুরের সাথে শ্বশুর, শ্বাশুড়ী, দেবর ও ননদ সুমির উপর চড়াও হন। তাদের শারিরীকভাবে নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে সুমির ভাই আব্দুস সামাদসহ স্বজনরা তাকে জুড়ী আধুনিক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুলাউড়া হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষনা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, নিহতের বড়ভাই আব্দুস সামাদ বাদী হয়ে স্বামী আব্দুন নূরকে প্রধান আসামী করে থানায় হত্যা মামলা (নং ১/০২) দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com