কমলগঞ্জের শমশেরনগরে ইয়াবাসহ মাদক পাচার বৃদ্ধি পেয়েছে

May 25, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ভারতের সাথে সরাসরি চাতলাপুর সড়কে শমশেরনগর দিয়ে বিভিন্ন স্থানে মাদক সেবন ও বেচাকেনা মাত্রাতিরিক্তহারে বৃদ্ধি পেয়েছে। সরাসরি ইয়াবা  কেনাবেচার সময়ে পুলিশ ২৪ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর মাছ বাজার এলাকা থেকে ১০টি ইয়াবা টেবলেট ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, শমশেরনগর-চাতলাপুর সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মাদক পাচারের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি সময়ে ভারতের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট থাকায় ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, অফিসার্স, চয়েজ, ইয়াবা সহ বিভিন্ন ধরণের মাদক বাংলাদেশে প্রবেশ করছে। ব্যবসায়ীরা এই মাদক পাচারে নানা কৌশল অবলম্বন করে মাদক পাচার ও বিক্রি অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সুত্র জানা য্য়া, কুলাউড়া শরিফপুর সীমান্ত এলাকা থেকে চাতলাপুর চা বাগান, কানিহাটি চা বাগান থেকে মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের হাতবদল হচ্ছে। চাতলাপুর সীমান্ত এলাকায় বসবাসকারী কিছু ব্যবসায়ী, শমশেরনগর বাজার ও মৌলভীবাজারের কয়েকজন ব্যবসায়ী নির্দ্ধিধায় এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় কতিপয় মহিলারাও মাদক পাচারের সাথে সম্পৃক্ত। সিএনজি অটোরিক্সায় যাত্রী সেজে বাজার খরচের ব্যাগেও এগুলো বহন করা হচ্ছে। বিভিন্ন সময়ে বিজিবি ও পুলিশ আটক করলেও ব্যবসায়ীরা নতুন কৌশলে মাদক পাচার অব্যাহত রেখেছেন।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা নিয়মিত ব্যবসা ও সেবনে অভ্যস্ত হওয়ায় সুযোগ বুঝে যেকোন স্থানে বেচাকেনা ও সেবনে নিয়োজিত হয়ে পড়েন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর মাছ বাজারের একটি আইসক্রিম ফ্যাক্টরীতে ভারত থেকে আসা ইয়াবা বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ১০ পিচ ইয়াবা টেবলেট ও একটি ১০০ সিসি হিরোহোন্ডা মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল পুলিশ ফাঁড়িতে জোর তদবির করে। পরে সাংবাদিকদের জোর তৎপরতার কারণে পুলিশ আসামীদের জেলহাজতে প্রেরণ করে। পুলিশের কাছে কতিপয় মাদক ব্যবসায়ীদের সখ্যতাও আছে বলে এলাকাবাসী জানান।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মাদক সেবন কিংবা পাচারে পুলিশ তৎপর রয়েছে। শমশেরনগরে তিনজনকে আটক ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com