কমলগঞ্জে প্রধান বিচারপতির গ্রামের বাড়িতে মুসলিম দুঃস্থ দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

June 24, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)-র গ্রামের বাড়িতে মুসলিম দুঃস্থ ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার ২২ জুন দুপুর ১২টায় প্রধান বিচারপতি এস কে সিনহার  গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে এসব বস্ত্র বিতরণ করা হয়।
প্রধান বিচারপতি এস, কে সিনহার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত “ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন” এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০০ জনের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি শিক্ষক স্বপন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এ সময় প্রধান বিচারপতির সহধর্মিনী সুষমা রানী সিন্হা, প্রধান বিচারপতির ছোট ভাই নীলমনি সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলাপকালে স্বপন কুমার সিংহ জানান, আলীনগর, আদমপুর, কমলগঞ্জ, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নের ৪০০ জন দুঃস্থ ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর ঈদে ও শারদীয় দুর্গোৎসবে এই ফাউন্ডেশন অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ সহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তাছাড়া বিগত কয়েক বছর ধরে এই ফাউন্ডেশন দরিদ্র মেধাবী ৭০ জন শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com