জুড়ীতে দুই স্কুল শিক্ষক পিতাকে আয়ত্বে নিয়ে জমি নিজেদের নামে লিখে নিয়েছে, অপর সন্তানদের অভিযোগ
বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার দুই স্কুল শিক্ষক বৃদ্ধ পিতাকে আয়ত্বে নিয়ে সাড়ে ৬ বিঘা জমি নিজেদের নামে লিখে নিয়েছে বলে অপর সন্তানরা অভিযোগ করছেন। এছাড়া প্রায় ২ মাস ধরে পিতার সন্ধান না পাওয়ায় দুই ছেলে, দুই মেয়ে ও পুত্রবধুদের মধ্যে অজানা উদ্বেগ-আতংক বিরাজ করছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, জুড়ীর পাতিলাসাঙ্গন গ্রামের মছব্বির আলীর ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছেন। বড়ছেলে মোবারক আলীর স্ত্রী স্কুল শিক্ষিকা আমিনা বেগমসহ এক জ্যা ও দুই ননদ স্বাক্ষরিত বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখার সভাপতি বরাবরে প্রেরিত অভিযোগ সুত্রে জানা গেছে, হাসনাবাদ সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ফরমান আলী ও মৌলভীবাজার সরকারী হাইস্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ২৬ জুলাই চিকিৎসার কথা বলে শতবর্ষী বাবাকে কুলাউড়ায় নিজ বাসায় নিয়ে যান। অপর দুই ছেলের বউ ও মেয়েরা শ্বশুড় ও বাবাকে কয়েক দফা দেখতে গিয়েও কোন খোজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি তারা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেও কোন সন্ধান পায়নি। পরে শুনতে পান ফরমান আলী ও আমিনুল ইসলাম তাদের বাবার নিকট থেকে বসত বাড়িসহ সাড়ে ৬ বিঘা জমি লিখে নিয়েছে। মছব্বির আলীর পুত্রবধু স্কুল শিক্ষিকা আমিনা বেগম জানান, গোপনে গত ৮ আগষ্ট লিখে নেয়া দলিলের সার্টিফাই কপি তুলে জমি হতিয়ে নেয়ার বিষয় নিশ্চিত হয়ে দেবর ফরমান আলী ও আমিনুল ইসলামের নিকট গেলে তারা বসত বাড়ি ছাড়া দেয়ার ভয়ভীতি দেখায়। শ্বশুরের ব্যাপারে জানতে চাইলেও দেবররা কোন তথ্য দেয়নি। এতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা ও জুড়ী শাখার সাধারণ সম্পাদক মো. রুযেল কামাল ও নির্বাহী সদস্য হাজী রমিজ আলী জানান, চিকিৎসার জন্য বাবার নিকট থেকে বাড়িঘরসহ একসাখে এত জমি লিখে নেয়া অন্য ভাইবোনদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার সুস্পষ্ট প্রমাণ। বয়ঃবৃদ্ধ পিতাকে ব্লেকমেইল করেই জমি রেজিস্ট্রী করে নেয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।
স্কুল শিক্ষক ফরমান আলী ও আমিনুল ইসলাম ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে জানান, বাবার চিকিৎসার জন্য তিনি স্বেচ্ছায় আমরা দুই ভাইকে এ জমি লিখে দিয়েছেন। আমরা বাসায় রেখে তার চিকিৎসা করাচ্ছি। অপর দুই ভাই আগেই বাবার নিকট থেকে অনেক জমি লিখে নিয়েছে। এসব ব্যাপার পত্রপত্রিকায় না লিখার জন্য তিনি অনুরোধ জানান।



মন্তব্য করুন