জুড়ীর ফুলতলা ইউপি নির্বাচন আ’লীগের দুই প্রার্থীর কে হচ্ছেন নৌকার কান্ডারী

November 22, 2017,

আব্দুর রব॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন।
২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আ’লীগের ২ চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কে হচ্ছেন নৌকার কান্ডারী এ নিয়ে কৌতুহলের শেষ নেই দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর।
দলীয় সুত্রে জানা গেছে, ফুলতলা ইউনিনের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়াজ আলী এবং সাবেক ৪ বারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ আ’লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন। দলীয় সমর্থন আদায়ে এ দুই প্রার্থীই তৃণমুল থেকে কেন্দ্র পর্যন্ত জোর লবিং চালিয়ে যাচ্ছেন। উপজেলা আ’লীগের আহবায়ক বদরুল হোসেন জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষ্যে ১৭ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়। তৃণমুলের মতামতের ভিত্তিতে এক নম্বরে মাসুক আহমদ ও দুই নম্বরে মোঃ ফয়াজ আলীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এখন কেন্দ্রই চুড়ান্ত করবে কে নৌকার চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ফুলতলা ইউপির ২০১১ সালের নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফয়াজ আলী ৩৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুক আহমদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে রীট মামলা করায় ফলাফল স্থগিত হয়ে যায়। নির্বাচনের ১৮ মাস পর ২০১২ সালের ১৭ ডিসেম্বর মোঃ ফয়াজ আলীকে বিজয়ী ঘোষণার মাধ্যমে মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তার মেয়াদ পুর্ণ না হওয়ায় ২০১৬ সালে সারা দেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলেও ফুলতলা ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। গেজেট অনুয়ায়ী মোঃ ফয়াজ আলীর চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হচ্ছে ১৯ ডিসেম্বর।
চেয়ারম্যান প্রার্থী মাসুক আহমদ জানান, আ’লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে উদ্বুদ্ধ করেছেন। তারা বলছেন, ফুলতলা ইউপিতে নৌকা প্রতীকের বিজয় আনতে আমার বিকল্প নেই। তৃণমুল মনোনয়ন তালিকার এক নম্বরে তার নাম লিখে কেন্দ্র পাঠিয়েছে। কেন্দ্র তাকেই মনোনয়ন দিবে বলে তিনি প্রায় নিশ্চিত।
আ’লীগের অপর প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. ফয়াজ আলী জানান, মাসুক আহমদের প্রার্থীতা নিয়ে আ’লীগের বৃহৎ অংশে ক্ষুব্দ প্রতিক্রিয়া রয়েছে। তিনি আ’লীগে আছেন কি-না তা নিয়েও সন্দেহ। এজন্য কেন্দ্রের উচিত আমাকে দলীয় মনোনয়ন দেয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com