জুড়ীতে নির্মাণ কাজ শেষ হওয়ার পর দিনই ধসে পড়ল কালভার্টের দেয়াল
বড়লেখা প্রতিনিধি॥ জুড়ীর জায়ফরনগর ইউপির বেলাগাও গ্রামে নির্মিত একটি কালভার্টের নির্মাণ কাজ শেষ হওয়ার পরদিনই এর একাংশের দেয়াল ভেঙ্গে পড়েছে। এলজিএসপি’র (লোকাল গর্ভণমেন্ট সাপোর্ট প্রোগ্রাম) আওতায় দেড় লাখ টাকায় কালভার্টটি নির্মাণ করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ও আ’লীগ নেতা ফজলুর রহমান ওরফে বজলু। নির্মাণ কাজের অনিয়মে দেয়াল ভেঙ্গে পড়ে বলে এলাকাবাসী অভিযোগ করেন। তবে প্রকল্প বাস্তবায়নকারী ইউপি মেম্বার কাজের অনিয়মে নয়, মাটি ভরাটে নিয়োজিত ড্রেজার মেশিন গার্ডওয়াল ভেঙ্গেছে বলে দাবী করেন।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে লোকাল গর্ভণমেন্ট সাপোর্ট প্রোগ্রামের আওতায় জুড়ীর বেলাগাও গ্রামে কন্ঠিনালা নদীর সংযোগ খালের ওপর একটি কালভার্ট নির্মাণের প্রকল্প নেয়া হয়। দেড় লাখ টাকায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পান ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান ওরফে বজলু। ১৫ ডিসেম্বর তিনি নির্মাণ কাজ শুরু করে ২১ ডিসেম্বর সম্পন্ন করেন। কিন্তু নির্মাণ কাজ সম্পন্নের পরদিনই কালভার্টের একাংশের গার্ডওয়াল ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
ইউপি মেম্বার ফজলুর রহমান ওরফে বজলু জানান কাজের অনিয়মে নয়, কালভার্টের সাইটে মাটি ভরাটে নিয়োজিত ড্রেজার মেশিন নবনির্মিত গার্ডওয়াল ভেঙ্গে চালক তা অস্বীকার করছে। এরপরও তিনি এ প্রকল্পের বরাদ্দ উত্তোলন করবেন না।
উপজেলা সহকারী প্রকৌশলী ওহিদুল ইমসলাম জানান, সংশি¬ষ্ট অফিসকে না জানিয়েই ইউপি মেম্বার নির্মাণ কাজ শুরু করেন। তদারকি না থাকায় তিনি কাজে অনিয়ম করেছেন। এজন্যই দেয়াল ভেঙ্গে পড়েছে। সঠিকভাবে মেরামত না করলে বিল দেয়া হবে না।



মন্তব্য করুন