জুড়ীতে সাংবাদিকের ভাইকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক সাংবাদিকের ভাই। জানা গেছে, ১ মার্চ বৃহস্পতিবার রাত ৯টায় জুড়ী উপজেলার প্রেসক্লাবের সহ-সভাপতি সস দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদের ছোট ভাই জমির উদ্দিন পূর্ব জুড়ী ইউনিয়নের সোনারূপা চা-বাগানের ৮নং বস্তির কান্ত রুদ্রপালের নিকট পাওনা টাকা আনতে যান। ফিরে আসার পথে ধামাই চা-বাগানের চৌমুহনী সিএনজি ষ্ট্যান্ডে পূর্ব থেকে উৎপেতে থাকা পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০) ও তার সাঙ্গ-পাঙ্গরা জমির উদ্দিনের উপর হামলা চালায়। তখন মুহিবুর রহমান জমির উদ্দিনের পিঠে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং জমির উদ্দিনের সাথে থাকা নগদ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে ২ মার্চ শুক্রবার জুড়ী থানায় মুহিবুর রহমানকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।



মন্তব্য করুন