কমলগঞ্জে অসুস্থ ব্যক্তিকে ডাকাত অভিযুক্ত করে কারাভোগের অভিযোগ

September 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আসামিকে পুলিশ সদস্যদের দেখিয়ে দেয়ার জেরে নিরীহ ও অসুস্থ ব্যক্তিকে আসামী করে ডাকাত মামলায় কারাভোগ করার অভিযোগ উঠেছে।
কুলাউড়া থানার একটি ডাকাত মামলায় অভিযুক্ত প্রধান আসামী সালাহ উদ্দিন এর ষড়যন্ত্রমূলক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের অসুস্থ তালেব আলীকে মামলায় আসামীভূক্ত করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে।
জানা যায়, ২০২১ সনের ১৬ জুলাই কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামের বাসিন্দা মো. ইকরাম আলী খানের বসতঘরে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় পরদিন ১৭ জুলাই অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা করেন। এ মামলার প্রধান আসামী করা হয় একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আলোচিত সালাহ উদ্দীনকে। পুলিশ সালাহ উদ্দীনকে গ্রেফতার করতে আসলে পালিয়ে আত্মগোপন করে।
এসময় বৈদ্যনাথপুর গ্রামের তালেব আলী পুলিশকে সালাহ উদ্দীনের লুকিয়ে থাকার তথ্য প্রদান করেন। পরে পুলিশ সালাহ উদ্দীনকে গ্রেফতার করে।
গ্রামবাসীরা জানান, পুলিশ ডাকাত মামলায় গ্রেফতারের পর সালাহ উদ্দীন তালেব আলীকে দায়ী করে এবং একদিনের জন্য হলেও তালেব আলীকে জেল খাটানোর হুমকি প্রদান করে। ডাকাত সালাহউদ্দীন তার জবানবন্দী প্রদানকালে তালেব আলীর নাম বলে। পরে পুলিশ ওই মামলায় ৮ নম্বর আসামী হিসাবে তালেব আলীকে আসামী করে। পরে রাতে বাড়ি থেকে তাকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়।
এঘটনার প্রতিবাদে রোববার সকালে তালেব আলীর বৈদ্যনাথপুর গ্রামের বাড়িতে গ্রামের লোকজন প্রতিবাদ সভা করেন। স্থানীয় ইউপি সদস্য সিরাজ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রহমত আলী, জমির আলী, নিজাম উদ্দীন, আব্দুল মালিক, সাব উদ্দীন, ওয়াদ উল্লাহ, মাসুক মিয়া, আরজদ আলী, আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, আক্কল আলী, দুরুদ আলী, তজমুল আলী, বশির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের তাহির আলীর ছেলে তালেব আলী (৩৬) একজন নিরীহ ব্যক্তি। সে আনারস চাষাবাদসহ বিভিন্ন ধরণের কৃষি ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করে চলেছে। বর্তমানে তার কিডনীতে সমস্যাজনিত কারণে অস্ত্রোপচারও করা হয়। এরই মধ্যে ডাকাত মামলার প্রধান আসামী সালাহ উদ্দীনকে পুলিশ ধরার জন্য চেষ্টা চালালে তালেব আলী তাতে সহায়তা করে।
যে কারণে সালাহ উদ্দীন উদ্দেশ্যমূলকভাবে তালেব আলীর নাম বলে মামলায় তাকে আসামী করা হয় এবং গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তারা নিরীহ ও অসুস্থ তালেব আলীকে যড়যন্ত্রমূলকভাবে মামলায় সম্পৃক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদান করে অতিসত্বর নি:শর্ত মুক্তি প্রদানের দাবি জানান। কুলাউড়া থানার ওসি আবু ছালেক বলেন, ঘটনাটি তদন্ত সাফেক্ষে খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com