ডিবি ও কুলাউড়া থানার পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ ৩ জন এবং কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুস সালাম (৩২), গোপী গোয়ালা (৩০) এবং নানু কৈরী নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারের আটককৃত আসামি মোঃ আব্দুস সালামের মালিকাধীন শাহজালাল গ্যাাস এন্ড অ্যালুমিনিয়াম নামক দোকানে অভিযান পরিচালনা করে ৭৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রাূয় ২ লক্ষ ২৫ হাজার টাকা।
এদিকে কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আফজল আহমদ (২২) নামে একজনকে আটক করেন। বুধবার ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশ গুড়াভূঁই গ্রামের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের আল মদিনা আহাদ মার্কেটের সামনে থেকে আফজলকে আটক করেন। পরে আটককৃত আসামির দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে জুড়ী ও কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।



মন্তব্য করুন