বিএনপি প্রার্থীকে গণঅধিকার পরিষদ প্রার্থী নূরের সমর্থন, একসাথে মাঠে কাজ করার অঙ্গীকার
আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্যপ্রার্থী ও কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নূর তালুকদার বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পুর্ণাঙ্গ সমর্থন জানিয়ে ধানের শীষকে বিজয়ী করার সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।
৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দুই প্রার্থীর সমঝোতা সভায় ট্রাক মার্কার সংসদ সদস্যপ্রার্থী আব্দুন নূর তালুকদার এই ঘোষণা দিয়ে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে তিনি ও তার দলের কর্মী-সমর্থকরা বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাধে কাধ মিলিয়ে ভোটারের সমর্থন আদায়ে মাঠে থাকবেন।
বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা আব্দুন নূর তালুকদার বলেন, তিনি নতুন দলের তরুণ সংসদ সদস্যপ্রার্থী হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন। ট্রাক প্রতীকের গণসংযোগ ও প্রচারণা করতে গিয়ে দেখেছেন, অনুভব করেছেন মানুষ পরিবর্তনের ডাকে সাড়া দিচ্ছে, এই বার্তাকে গ্রহণ করছেন। আগামির বাংলাদেশ গড়ার সংস্কার কার্যক্রমগুলো বিএনপি-গণঅধিকার পরিষদের লক্ষ্য এক ও অভিন্ন। গণঅধিকার পরিষদের চেয়ারম্যান বিপ্লবি নেতা ভিপি নুরুল হক নুরের বিএনপির সাথে আগে থেকেই সমঝোতা রয়েছে। তা অনুসরণ ও সম্মান জানিয়ে তিনি বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাকে সমর্থন দিয়েছেন। ধানের শীষের বিজয়ের পরে নাসির উদ্দিন আহমেদ যেন তার নির্বাচনি ইশতেহার (আব্দুন নূর তালুকদার কর্তৃক ইতিপূর্বে ঘোষিত) বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন।
বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ জানান, গণঅধিকার পরিষদ প্রার্থী আব্দুন নূর তালুকদারের বিএনপির প্রতি এই সমর্থনের যথাযথ মূল্যায়ন করা হবে। সকল নির্বাচনি কর্মকান্ডে তাকে সম্পৃক্ত ও আগামির বড়লেখা ও জুড়ী উপজেলা বিনির্মাণে অংশিদারিত্ব দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। তার আগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় নেতা আব্দুন নূর তালুকদার টার্গেট কিলিংয়ের শিকার হওয়ার আশংকার কথা জানিয়ে বলেন, তিনি একটি মামলা করেছিলেন। সেই মামলার একজন আসামি যিনি ২০১৮ সালে নৌকার প্রার্থী, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন সাহেবের বিজয় নিশ্চিত করার জন্য দুইটি কেন্দ্র দখল করেন। যিনি মাফিয়া জগতের প্রধান, অত্র অঞ্চলের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে। তিনি যে কেন্দ্রের ভোটার ওই কেন্দ্র উনি ছিনিয়ে নেবেন বলে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। এজন্য তিনি তার জীবন নিয়ে শঙ্কায় আছেন। তিনি যদি টার্গেট কিলিংয়ের শিকার হন, তার যদি কিছু হয় ‘এটি আপানাদের জানিয়ে দিলাম। আমি জীবনকে পরোয়া করি না। আমি জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়েছি। মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলাম, আছি এবং থাকব।’
সভায় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, প্রবাসি বিএনপি নেতা আব্দুস সহিদ, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি বদরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বড়লেখা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য রায়হান আহমদ প্রমুখ।



মন্তব্য করুন