মৌলভীবাজার-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

February 9, 2026,

আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম একটি ‘নিরাপদ ও মানবিক সমৃদ্ধ বড়লেখা-জুড়ী’ গড়ার পরিকল্পনা সম্বলিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার বিকেলে বড়লেখা পৌরশহরের জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ১৭ দফার ইশতেহার তোলে ধরেন।

সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনটি অপার সম্ভাবনাময় একটি এলাকা। রয়েছে অসংখ্য চা বাগান, পাহাড়-টিলা, হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাতসহ সমৃদ্ধ একটি জনপদ। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা। উন্নয়নের নামে চলেছে মহা-লুটপাট। বাংলাদেশ জামায়াতে ইসলামি সরকার গঠন করলে এবং তিনি নির্বাচিত হলে এই আসনের শিক্ষা, মেধা পরিচর্যা ও উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনরিাপত্তা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, হাকালুকি হাওর উন্নয়ন ও পরিবেশ রক্ষা, তথ্য-প্রযুক্তি ও স্মার্ট বড়লেখা-জুড়ী, চা শ্রমিক ও আদিবাসীর উন্নয়ন, কৃষিসম্পদ ও কৃষকের কল্যাণ, পর্যটন শিল্পের বিকাশ, নারী, শিশু ও সামাজিক সুরক্ষা, প্রবাসী কল্যাণ, সুশাসন ও দুর্নীতি দমন, ধর্মীয় সম্প্রীতি ও প্রতিষ্ঠানের মর্যাদা ও অধিকার এবং মূল্যবোধ সৃষ্টিতে জোরদার কর্মসূচি বাস্তাবায়ন করবেন। মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধেও সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় রেখে নেওয়া হবে কার্যকর উদ্যোগ।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা খেলাফত মজলিস সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ স্বপন, জামায়াতে ইসলামীর সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সাবেক আমির হাফেজ নাজমুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল বাছিত, মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com