কমলগঞ্জে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন

July 14, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাঁধা দিলে শ্বশুর বাড়ির লোকজন হামলা করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক।

সোমবার রাত ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদির তার বক্তব্যে জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে মৌলভীবাজার আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে একই গ্রামের তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। গত সোমবার ১৩ জুলাই দুপুরে আব্দুল কাদির স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিযোগে একটি দাওয়াতে যোগ দিতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্তরা মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে কোন কিছু বুঝার আগেই আকস্মিক হামলা চালায়। এতে বর আব্দুল কাদিরসহ ৫ জন আহত হন। হামলার সময় এক নারীর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে আব্দুল কাদিরের স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে অভিযুক্ত মেয়ের চাচা খোকন মিয়ার বক্তব্য নিতে তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com