কানিহাটি চা বাগানে সপ্তাহে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবি

August 22, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদে ও চা বাগান পঞ্চায়েত নেতাদের পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর ফাঁড়ি কানিহাটি চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কানিহাটি চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী চা শ্রমিকরা জানান, প্রতিদিন হাড়ভাঙ্গা খাটুনি করে দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরি দিয়ে পরিবারের ভরন পোষন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার উপর এই মজুরির টাকা থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা কর্তন করার নিয়ম রয়েছে। সম্প্রতি মাসিক কর্তন বাদ দিয়ে আকষ্মিকভাবে তা সপ্তাহে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা শুরু হয়েছে। সপ্তাহে ফান্ডের টাকা কর্তনের কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক বিধান প্রচলিত নেই। অথচ সাধারণ চা শ্রমিকদের সাথে কোন কথা না বলে এবং তাদের অনুমতি না নিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই সময়ে মজুরির টাকা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হচ্ছে, যা কোন মতেই যুক্তিযুক্ত নয়।

রামভজন রবিদাশ, তেলামৃধা, রাধেশ্যাম রবিদাস, রীতা রবিদাসসহ চা শ্রমিকরা বলেন, সপ্তাহে টাকা কাটলেও সেটি মাসে জমা হচ্ছে। আমাদের সাপ্তাহিক মজুরির এই সামান্য টাকা থেকে দুর্গাপূজার চাঁদা, বিদ্যুৎ বিল, ইউনিয়ন চাঁদা, আঞ্চলিক পূঁজার চাঁদা সহ নানা বিষয়ে এমনিতেই টাকা কর্তন করা হয়। এরফলে আমাদের সাপ্তাহিক মজুরির প্রায় চার ভাগের একভাগ এমনিতেই শেষ হয়ে যায়। অবশিষ্ট টাকা দিয়ে পরিবারের ভরন পোষন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসাসহ আনুষঙ্গিক খরচাদি চালিয়ে যাওয়া মোটেও সম্ভব হচ্ছে না। ফলে এনজিওসহ বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে কোনমতে দিনাতিপাত করছি। এনজিও ঋণসহ নানা দেনার দায়ে আমরা জর্জরিত। এই অবস্থার মধ্যে সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হচ্ছে, তা অন্যায়।

তারা আরও বলেন, চা বাগানের পঞ্চায়েত নেতারা সুবিধা পেয়ে ম্যানেজমেন্টের পক্ষে সবসময় ভূমিকা রাখছেন। ফলে আমরা চা শ্রমিকরা সুবিধা বঞ্চিত হচ্ছি। তাই শ্রমিক বিরোধী এই পঞ্চায়েত নেতাদের পদত্যাগের দাবি জানিয়েছি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বসন্ত রবিদাস, রামচন্দ্র তেলী, বাসুদেব রবিদাস, রতিলাল রবিদাস, সুমন রবিদাস, বুলবুল রবিদাশ, রীতা রবিদাস, ফুলমতি রবিদাস, শ্রীকুমারী রবিদাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com