কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

October 15, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারের গাছ চুরির ঘটনা ঘটেছে। ১৪ অক্টোবর বুধবার দিবাগত রাতে সড়কের ঘোরামারা এলাকায় ইউক্যালিপটার্স ও জামের মূল্যবান গাছগুলো কেটে খন্ডাংশ করে পাচার করা হয়। এঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় দশ, বারো বছর বয়সের ১৪টি গাছ কেটে নেয়া হয়েছে। মূল্যবান গাছগুলো কেটে নেওয়ার পর কালের সাক্ষী হিসাবে পরিত্যক্ত রয়েছে গাছের গুড়া। গাছগুলো ইলেকট্রিক করাত দিয়ে দ্রুততার সহিত কেটে ট্রাক কিংবা পিকআপযোগে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা। তবে বনবিভাগ ও পুলিশ প্রশাসনের নাকের ডগায় একসাথে এতোগুলো গাছ কেটে গাড়িযোগে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছগুলোর বাজার মূল্য আড়াই থেকে তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, হেলাল মিয়া বলেন, এই সড়কের অদূরেই রাজকান্দি বনরেঞ্জ এর কার্যালয় এবং রাস্তায় চেকপোস্ট। তাছাড়া পুলিশি টহল থাকার পরও ১৪টি বড় আকৃতির গাছ কেটে নিয়ে যেতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে। সবগুলো গাছ একসাথে কেটে সাবাড় করে দিলেও প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। এভাবে চলতে থাকলে সংরক্ষিত বন ও সামাজিক বনের গাছগাছালি নিরাপদ নয়।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসাথে এতোগুলো গাছ চুরি করে নিয়ে যাওয়া একটি বড় সিন্ডিকেট চক্রের কাজ। খবর পাওয়ার সাথে বনবিভাগ, থানা পুলিশ ও ইউএনও সাহেবকে বিষয়টি অবগত করেছি। তদন্ত পূর্বক গাছ চোরদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি যথাসময়েই অবগত হয়েছি এবং এলজিইডি উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করেছি। থানার ওসি সাহেব ছুটিতে রয়েছেন। তিনি আসার পর ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com