(ভিডিওসহ) পরিবহন শ্রমিক নেতাদের উপর মিথ্যা মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা

October 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা পাবেল মিয়া ও আজিজুল হক সেলিমের উপর শ্রম দপ্তরের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক মদদপুষ্ট হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলা করেছেন বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গলের উপ-পরিচালক নাহিদুল ইসলাম।
১১ অক্টোবর রোবাবর দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিক্সা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পাবেল মিয়া, সহ-সভাপতি ফজিলুর রহমান, যুগ্ম সম্পাদক দিলু আহমদ, কার্যকরী সদস্য কারি মো. রফিকুল ইসলাম আখন্দ।
লিখিত বক্তব্যে আজিজুল হক সেলিম বলেন, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গলের উপ-পরিচালক নাহিদুল ইসলাম এর বরাবর গত ১২ সেপ্টেম্বর ২০১৯ সালে রিটার্ন দাখিল করার পর প্রাধিকার প্রাপ্ত হয়ে একটি অডিট ফার্মের নিরীক্ষক এ সালাম, চার্টার্ড একাউন্টেন্ট গত ১ জানুয়ারি ২০১৮ হতে ৩১ ডিসেম্বর ২০১৮ ইং পর্যন্ত হিসাবের সকল বহি নিরীক্ষা করে বিল ভাউচারের যথাযথ হিসাব পেয়ে স্বাক্ষর করেন। কিন্তু পরবর্তীতে শ্রম দপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম রাজনৈতিক মদদপুষ্ঠ হয়ে ও একটি অশুভ চক্রকে সহযোগীতার হীনউদ্দেশ্যে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সেলিম এর বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। তিনি রাজনৈতিক চাপে মামলা করেছেন বলে শ্রমিক ইউনিয়নের এই নেতাদের কাছে স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে রাজনৈতিক মদদপুষ্ট হয়ে একটি অশুভ চক্র দীর্ঘদিন যাবৎ শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজিজুল হক সেলিম বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদরের ৬নং একাটুনা ইউপি নির্বাচনে আমি যাতে প্রার্থী হতে না পারি সেজন্য এই অশুভ চক্রটি ষড়যন্ত্র শুরু করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com