হত্যা মামলায় অভিযুক্ত মা ও ছেলে সুনামগঞ্জ থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ এক বছর পালিয়ে থাকার পরও রক্ষা হলো না শ্রীমঙ্গলে আলোচিত বৃদ্ধা খালেদা হত্যা মামলার আসামি মা ও ছেলের। মঙ্গলবার ২২ মার্চ মধ্যরাত সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পাগলা এলাকার সূত্রমর্ধন গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সিন্দুরখানের মন্দিরগাঁও গ্রামের শাহজান মিয়া ওরফে শাহজাহান কবিরের স্ত্রী ঝর্ণা চৌধুরী (৪১) ও তার ছেলে মোঃ ফয়ছল আহমদ জয় (১৯)। এতথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান।
তিনি বলেন আসামি মা ও ছেলেকে বুধবার ২৩ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি উপজেলার মন্দির গাঁও গ্রামে পাওয়ানা টাকা নিয়ে বাক বিতন্ডায় মা ও ছেলের হাতে আহত হন বৃদ্ধা খালেদা বেগম (৭০)। ওইদিন সঙ্গাহীন অবস্থায় খালেদা বেগমকে পাশবর্তী একটি বাঁশবনে রেখে আসেন তারা। খালেদা বেগমের জ্ঞান ফিরে এলে তার শব্দ শুনে পথচারীরা তাকে উদ্ধার করেন। এ সময় তিনি এই দুইজনের নাম বলেন। পরে পথচারীরা তাকে শ্রীমঙ্গল উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি নিহত খালেদা বেগমের ছোট ভাই হাবিবুর রহমান শহীদ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা (নং ১৯ (০২)২০২১) দায়ের করেন। মামলা রেকর্ডের পর আসামীরা পালিয়ে যান। দীর্ঘ ১ বছর ১ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পাগলা এলাকার সূত্রমর্ধন গ্রাম থেকে আসামি মা ও ছেলেকে গ্রেফতার করে মঙ্গলবার ২২ মার্চ রাত সাড়ে ১২ টার দিকে থানায় নিয়ে আসেন।



মন্তব্য করুন