শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাগানের ফসল লুটের অভিযোগ

March 27, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলার ভয়ে নিজের বাগানে যেতে পারছেন না মো. হেলাল মিয়া নামে এক লেবু ব্যবসায়ী। বাগানে যেতে না পারায় প্রতিপক্ষরা জমিতে লাগানো লেবু, আনারস, কলা ও পালিত ৮টি গরু লুট করে নিয়ে গেছে। এ নিয়ে থানায় অভিযোগপত্র নিয়ে গেলেও পুলিশ অভিযোগ গ্রহনে অস্বীকার করেছে বলে তিনি এক প্রেসব্রিফিং জানান।

রোববার সকালে শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র বাগান ব্যবসায়ী হেলাল মিয়া।

তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে ২১ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তে লাংলিয়া ছড়া এলাকায় বশির মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ কেয়ার জমি লীজ নিয়ে লেবু, আনারস ও কলার বাগান সৃজন করেন। ওই এলাকার রহমান মিয়ার ছেলে জামাল মিয়া, আরাফাত মিয়া, রমজান মিয়া ও ফুল মিয়া নামে কয়েক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই বাগান দখলে নেয়া চেষ্টা করে আসছে। গত ২১ মার্চ দুপুরে শ্রীমঙ্গল থানার পাশে আরাফাত নামে এক যুবক ছুরিকাহত হয়। এসময় আমি ওই বাগানে কাজ করছিলাম। সেখানে মোবাইল ফোনেরও নেটওয়ার্ক নেই। বিকালে আরাফাত ছুরিকাহতের ঘটনার জের ধরে উপরে বর্নিত প্রতিপক্ষরা আমার উপর হামলা করে মারপিট ও জখম  করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ১১ কিলোমিটার দূরে খেজুরিছড়া চা বাগানে নিয়ে গেলে সেখান থেকে থানায় ফোন দেয়া হলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। থানায় নিয়ে গিয়ে পুলিশ আরাফাত ছুরিকাঘাতের ঘটনায় আসামী দেখিয়ে উল্টো আমাকেই গ্রেফতার করে। জেল হাজতে আটক থাকার সুযোগে প্রতিপক্ষরা আমার সৃজিত বাগানটি দখলে নেয়। বাগানে পালিত ৪ লক্ষ টাকা মূল্যের ৮টি গরু, লেবু, আনারস ও কলা লুট করে বিক্রি করে দেয়। তাদের সন্ত্রাসী হামলার ভয়ে আমি বাগানে যেতে পারছি না। এনিয়ে থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ আমার অভিযোগ গ্রহন করেনি। সংবাদ সম্মেলনে জামাল ও তার সহযোগীদের কাছ থেকে বাগান উদ্ধার ও ক্ষতিপূরন আদায়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় বাগানের মালিক বশির মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে লাংলিয়া ছড়া এলাকার জামাল মিয়া এসব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তার আহত ভাই আরাফাত কে নিয়ে সিলেটে আছেন। শ্রীমঙ্গল থানার এসআই প্রদীপ কুমার বলেন, এজাহার মোতাবেক হেলালকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com