ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

June 28, 2025,

এহসান বিন মুজাহির : মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশের মতো শ্রীমঙ্গলেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার ২৭ জুন বাদ জুমা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মসজিদ এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী হিফজুর রহমান হেলালী এবং মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। বিমান হামলা, শিশু হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে, এমনকি ত্রাণ সংগ্রহে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে দখলদার ইসরাইল।

তারা আরও বলেন, জায়নিস্ট ইসরাইল শুধু ফিলিস্তিন নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য এক স্থায়ী হুমকি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পথে সবচেয়ে বড় অন্তরায় এই অবৈধ রাষ্ট্র। অথচ তথাকথিত বিশ্ববিবেক নীরব, কিন্তু মুসলিম উম্মাহ চুপ থাকতে পারে না। বক্তারা ইনসাফ, স্বাধীনতা এবং মুসলিম ঐক্যের প্রশ্নে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com