কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা: শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত কুমার চক্রবর্তী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভূমি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সিপার উদ্দিন নামের আরও একজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে আসছিলেন জয়ন্ত ও সিপার। পথে বধ্যভূমির সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”



মন্তব্য করুন