শ্রীমঙ্গলে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল উদ্ধার, গ্রে ফ তার ১

August 16, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল আহমেদ মোস্তফা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত অনুমান ২ ঘটিকার সময় ১৬ আগস্ট শ্রীমঙ্গলের পূর্ব রূপসপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে নগদ ১, ১৩, ০০০ টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, ২টি রূপার চেইনসহ মোট প্রায় ১, ৩৯, ৪৬৫ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।

১৫ আগস্ট সন্ধ্যার পর পূর্ব রূপসপুরে বসবাসরত জনৈক মো: জসিম মোল্লার বাসা থেকে অজ্ঞাত ব্যক্তিরা স্বর্নালংকার, মোবাইল ও টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমানসহ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত রাসেলকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত রাসেল আহম্মদ মোস্তফা পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com