পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজ নগর দরবার শরীফের জশনে জুলুছ

শ্রীমঙ্গল প্রতিনিধি : প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে শ্রীমঙ্গলে সিরাজ নগর দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র দিবসটি উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী জিকির-আযকার, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত ১২ রবিউল আউয়াল অনুষ্ঠিত হয়। পরে দরবার শরীফের খাদেম ও অনুসারীদের অংশগ্রহণে এক বিশাল জশনে জুলুছ বের হয়ে শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল্লামা আব্দুল করিম (মা.জি.আ.), পীর সাহেব সিরাজনগরী। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মোঃ মামুনুর রশীদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল শহীদ খান, মাওলানা ইমরান হোসাইন কাদেরী, মাওলানা ক্বারী ওয়াজেদ আলী রাহমানী, মাওলানা সালেহ আহমেদ পাটুয়ারী, মাওলানা সালাহ উদ্দিন, মো: নিজাম খান, মো: রুমেল খান ও মো: আরিফ বক্স প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের নবী করীম (সা.)-এর আদর্শই মানবতার মুক্তির পথ। প্রিয় নবীজির জীবন অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন