বড়লেখায় নবাগত ওসির মতবিনিময়, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা
আব্দুর রব : বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। ৮ ডিসেম্বর তিনি বড়লেখা থানায় যোগদান করেন। এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছিলেন।
শুক্রবার রাতে ওসির কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সর্বোপরি নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এই সময়ে দুষ্কৃতিকারিরা গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই প্রকৃত ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। আসন্ন নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বড়লেখায় আইনশৃঙ্খলা বজায় রাখা শুধুমাত্র পুলিশের একার কাজ নয়। এতে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধমূলক কর্মকান্ড নজরে আসলে তা দ্রুত পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ জানান।
সভায় সাংবাদিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ করে মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে ওসিকে বিভিন্ন পরামর্শ দেন। তারা বলেন, গণমাধ্যম সবসময় জনস্বার্থ ও সত্য প্রকাশকে অগ্রাধিকার দেয়। নির্বাচনকালীন সময়ে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গুজব প্রতিরোধে গণমাধ্যম ভূমিকা রাখবে। এসময় তারা ওসিকে স্বচ্ছতার সাথে তথ্য আদান-প্রদানের আহ্বান জানান।
সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, প্রেসক্লাবের সদস্য লিটন শরীফ, মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালী, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন ও রেদওয়ান রুম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন