শ্রীমঙ্গলে একটি মার্কেটে অগ্নিকান্ডে ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
সাইফুল ইসলাম : শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডস্থ একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫-৩০ লাখ টাকার কসমেটিক,কাপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
১৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ রোডস্থ মেইন রোডের সামনে সৈয়দ ফসিউর রহমান মার্কেটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় মার্কেটের অগ্নিকান্ডের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কয়েকশ যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার্বিক তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ও পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।
তবে ওই মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ২০/৩০ লাখ টাকা মূল্যের মূল্যবান সামগ্রী পুড়ে ক্ষয় ক্ষতি হয়েছে।
ধারণা করা হচ্ছে, ‘ইজি ফ্যাশন’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অগ্নিকাণ্ডে মার্কেটের একাধিক দোকানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
মার্কেটের ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম জানান, দোকান বন্ধ করে বাসায় পৌঁছানোর পর খবর পাই মার্কেটে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখি পুরো মার্কেটে আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো: সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের ২টি ও মৌলভীবাজার ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের ৫-৭ জন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং অগ্নিকান্ডের কারণ বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন বলেন, আগুনে ৩টি দোকানে তুলনামুলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।



মন্তব্য করুন