আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অভিযোগ-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে। তিনি মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।
নাইদ ইসলাম আরও বলেন, একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দূপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার-৪ আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উন্মুক্ত প্রার্থী প্রতীম দাশ এর পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
একই সভায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “খুনি যদি বলে- আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়? তাহলে কি সেটাই ন্যায়বিচার?” সজীব ভূঁইয়া দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনও তাদের মাথায় রয়ে গেছে।
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি নির্বাচনী প্রচারণা মিছিল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন