শ্রীমঙ্গলে ঐতিহ্যের মহোৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ স্থগিত, হতাশ পর্যটন সংশ্লিষ্টরা

December 18, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অনুষ্ঠিতব্য সংস্কৃতি ও ঐতিহ্যের মহোৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২ স্থগিত করা হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও পর্যটন সংশ্লিষ্টরা।

১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যটন নগরী শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারনবশত ১৪ ডিসেম্বর ফেস্টিভ্যাল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জারি করা এক নোটিশে (স্মারক নং-৬৮৯) জানানো হয়, ১৮ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিতব্য ‘হারমোনি ফেস্টিভ্যাল’ অনিবার্য কারণে স্থগিত করা হলো। ফেস্টিভ্যালের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশটির একটি কপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ মোট নয়টি দপ্তরে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীমঙ্গলের ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতেই এই ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ফেস্টিভ্যালটি স্থগিত হওয়ায় জেলার পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক ও স্থানীয় শিল্পীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তবে পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে যথাসময়ে ফেস্টিভ্যাল আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com