ক্রীড়া ও সামাজিক সংগঠকসহ তরুণ সমাজের অংশগ্রহণে রাজনগর ইয়ুথ ফোরামের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : ক্রীড়া ও সামাজিক সংগঠকসহ তরুণ যুব সমাজকে নিয়ে রাজনগর ইয়ুথ ফোরামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে রাজনগরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপির ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান।
মতবিনিময় সভায় এম নাসের রহমান বলেন, ক্রীড়া, সামাজিক সংগঠন ও তরুণ সমাজ একটি জাতির নৈতিক শক্তির প্রতীক। এই শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, তারুণ্যের চিন্তা ও নেতৃত্ব ছাড়া আগামীর বাংলাদেশ কল্পনাও করা যায় না।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক সংগঠনের ভূমিকা অপরিসীম। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তরুণদের জন্য ক্রীড়া ও সামাজিক উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
মতবিনিময়ে অংশগ্রহণকারী ক্রীড়া সংগঠক, সামাজিক কর্মী ও তরুণ প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে খেলাধুলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং তরুণদের নৈতিক ও নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। এতে আরও বক্তব্য রাখেন- নাসের রহমান এর জ্যেষ্ঠ কন্যা ইঞ্জিনিয়ার আমিরা রহমান।
অনুষ্ঠানে রাজনগর ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন