দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’, স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার দিলেন এমপি নাসের রহমান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। সোমবার ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুলের নিকট এক আনুষ্ঠানিক ডিও লেটারের (আধা-সরকারি পত্র) মাধ্যমে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
ডিও লেটারে উল্লেখ করা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও পর্যাপ্ত খালি জায়গা ব্যবহার করে অতি সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা সম্ভব। এমপি নাসের রহমান প্রস্তাব করেন, হাসপাতালের পূর্ব পাশের ফাঁকা জায়গায় একাডেমিক ভবন এবং দক্ষিণ-পূর্ব কোণায় থাকা পরিত্যক্ত আবাসিক ভবনগুলো ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করা যেতে পারে।
পত্রে আরও উল্লেখ করা হয়, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত তিনতলা বিশিষ্ট নার্স ট্রেনিং সেন্টারটি বর্তমানে চালু থাকায় প্রকল্প বাস্তবায়ন আরও সহজতর হবে। তবে নার্সদের আবাসন সংকট নিরসনে একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এমপি নাসের রহমান জানান, বর্তমান মূল হাসপাতাল ভবনের ওপর আরও দুই তলা সম্প্রসারণ এবং পুরাতন ভবনগুলো সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা সহজেই ৪০০-তে উন্নীত করা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন অন্যান্য নতুন মেডিকেল কলেজ প্রকল্পের তুলনায় মৌলভীবাজারে এই প্রকল্পটি অনেক কম ব্যয়ে এবং দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মনে করেন।
জানা গেছে, এমপি নাসের রহমানের এই প্রস্তাবনার পর স্বাস্থ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন এবং ওই দিনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সচিব বরাবর পত্রটি স্বাক্ষর করে প্রেরণ করেছেন।
এদিকে, সোমবার বিকেলে নাসের রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার হস্তান্তরের ছবি ও কপি পোস্ট করেন। ওই সময় সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।
ফেসবুক পোস্টে নাসের রহমান লেখেন, মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। সে দাবির বিষয়ে আজ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। আশা করি মৌলভীবাজারবাসীর এই স্বপ্ন খুব শিগগিরই বাস্তবে রূপ নেবে, ইনশাআল্লাহ।
এ উদ্যোগের ফলে মৌলভীবাজার জেলায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষার দ্বার উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।



মন্তব্য করুন