শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৮৯ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি

April 28, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল, যা দেশের অন্যতম বৃষ্টি প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, সেখানে গত ২৪ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৩০ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫৮ মিলিমিটার।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগের ২৪ ঘন্টায় (২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৫০ মিলিমিটার এবং তার আগের দিন ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৯ মিলিমিটার।

এদিকে, ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়। এ ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন, রাস্তার উপর গাছপালা এবং হালকা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যদের গাছ অপসারণ ও বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে দেখা গেছে। এতে সড়ক যোগাযোগও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com