ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

May 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার ইসলামিক স্কুলের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার ১২ মে দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ এর ভাইস চেয়ারম্যান ও নূরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার-এর প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ-এর সেক্রেটারি মুর্শেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার-এর প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই ছোট ছোট সাফল্যই ভবিষ্যতে বড় বিজয়ের পথ দেখাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ-এর সেক্রেটারি মুর্শেদ আলম বলেন, আধুনিক শিক্ষার সাথে চারিত্রিক উৎকর্ষের মেলবন্ধন ঘটানোই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের মেধার বিকাশে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পুরস্কারের আনন্দ ও সমাপনী পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে দেখা দেয় বাঁধভাঙা উচ্ছ্বাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

অভিভাবকরা বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করেন এবং সন্তানদের মেধা বিকাশে বিদ্যালয়ের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com