টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ জুন

শ্রীমঙ্গর প্রতিনিধি : দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন-এর ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার ১৭ মে বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহ রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির সদস্য সচিব মো. ছালিক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক মো. আব্দুল বশির, সদস্য বিপিন উপাধ্যায়, মো. ইউনুছ আলী ও মো. মোস্তাফিজুর রহমান মহসিনসহ বিভিন্ন চা বাগানে কর্মরত স্টাফ ও গণমাধ্যমকর্মীরা।
তফসিল অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ মে বিকেল ৪টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং এ সময় প্রত্যেক প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ জুন বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ৪ জুন চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক দেওয়া হবে।
সংগঠনের নির্বাচন আগামী ২১ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ১৫৭টি চা বাগান নিয়ে গঠিত ১২টি অঞ্চলের ১২টি ভোটকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ২ হাজার ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেবেন ব্যালট পেপার এর মাধ্যমে।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি ১জন, সহ-সভাপতি ২জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, কোষাধ্যক্ষ ১জন, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ১জন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১জনসহ মোট ৯জন কর্মকর্তা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। ৯ কর্মকর্তা ছাড়াও প্রতি অঞ্চলের জন্য আঞ্চলিক ভিত্তিতে আরও ২ জন করে মোট ১২টি অঞ্চলের জন্য ২৪জন আঞ্চলিক প্রতিনিধিসহ সর্বমোট ৩৩ জন অত্র ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন।



মন্তব্য করুন