অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : সমাজ উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংকুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মে শ্রীমঙ্গলের চিড়িয়াখানা রোডস্থ নাগরিক উদ্যোগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সমরজিৎ কৈরী। সভা পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক পারভেজ কৈরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার উপদেষ্টা সুদর্শন শীল এবং সহ-সভাপতি দিলীপ কুমার কৈরী। তাঁরা অংকুর সমাজ উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সামাজিক অবদানের কথা তুলে ধরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল সংস্থার নিবন্ধন নবায়ন, অফিসিয়াল প্যাড ও ই-মেইল আইডি প্রস্তুতকরণ, আর্থিক অডিট সম্পন্নকরণ, ব্যাংক হিসাব সচলকরণ, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নতুন স্বেচ্ছাসেবক সদস্য সংগ্রহ এবং উপদেষ্টা পরিষদ গঠন।
এছাড়াও আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আগামী ১৯ জুন ২০২৬ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সংস্থার সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সভাপতি।
সভায় অংকুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ স্মারক পর্ব এবং ‘অংকুর: প্রতিষ্ঠার আঠারো বছর’ শীর্ষক দেয়ালিকা/স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য, অংকুর সমাজ উন্নয়ন সংস্থা ২০০৮ সাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে অংকুর সমাজ উন্নয়ন সংস্থা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং সংগঠনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন