শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালুভর্তি ট্রাক জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার ১ আগস্ট বিকেলে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার আশিদ্রান ইউনিয়নের রাধানগর, ভুরভুরিয়া ছড়া ও সাইটুলা (হেকিম মিয়াল লেবু বাগানে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তী ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় চলা অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত জানতে পারেন সাইটুলা এলাকায় লেবু বাগানের আড়ালে মো. হেকিম মিয়া একটি সিন্ডিকেট তৈরি করে লেবু ব্যবসার আড়ালে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জানান, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু কারবারিরা পালিয়ে যায়। অভিযানের সময় হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে একটি ডায়না ট্রাক ৩০০ ঘনফুট বালুসহ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে হেকিম মিয়াসহ কয়েকজনের নামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।



মন্তব্য করুন