শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁ/জাসহ তিন মা/দক কারবারি গ্রে/ফ/তার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকা থেকে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
২৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়া (৪১)-এর বসতবাড়ি ঘেরাও করলে তার বড় ভাই মো. আব্দুল মতিন প্রকাশ লেখন মিয়া (৫৫) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে রুবেল মিয়াকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৯ পিস খয়েরি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া স্বীকার করেন যে, তিনি তার পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখেছিলেন।
একই দিনে পরিচালিত অপর অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুর রহমানের বসতঘরের বারান্দার কক্ষের চৌকির নিচ থেকে ১ কেজি কথিত গাঁজা এবং মজনু মিয়ার কাছ থেকে আরও ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে উদ্ধারকৃত গাঁজা নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়া (৪১)-এর বিরুদ্ধে পূর্বে ৪টি মামলা, পলাতক আসামি মো. আব্দুল মতিন প্রকাশ লেখন মিয়া (৫৫)-এর বিরুদ্ধে ২টি মামলা এবং গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩)-এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম নির্দেশনায় মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন