অবৈধ দোকান-স্থাপনা ও যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা, পৌর প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন চলাচল ও পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিরাপদ-বাসযোগ্য নগরায়নে কঠোর ব্যবস্থা গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর প্রশাসন।
বৃহস্পতিবার ২৩ জুলাই শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন সকল নাগরিক, ব্যবসায়ী, পথচারী ও সংশ্লিষ্টদের উদ্দেশে জানানো হয়েছে, পৌর এলাকার বিভিন্ন বাজার, জনসমাগমস্থল, সড়ক, ফুটপাত, চলাচলের পথ এবং অন্যান্য সরকারি বা পৌরসভার জায়গায় অবৈধভাবে কোনো ধরনের অস্থায়ী বা স্থায়ী দোকান, স্টল, ভ্যান, হকারের সামগ্রী কিংবা অন্য কোনো স্থাপনা স্থাপন করা যাবে না।
এছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় যত্রতত্র ময়লা-আবর্জনা, বর্জ্য কিংবা নির্মাণসামগ্রী ফেলা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ধরনের বর্জ্য নির্ধারিত স্থান বা ডাস্টবিনে ফেলতে হবে এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শ্রীমঙ্গল গড়ে তুলতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে দোকান বা স্থাপনা স্থাপন করলে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন