ট্যুরিজম বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গলে তিন দিন ব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২ শুরু

স্টাফ রিপোর্টার : পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২ শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে মনিপুরী, খাসিয়া, চাকমা, চা শ্রমিক, গারো, সাঁওতাল, ত্রিপুরা, খাড়িয়া সহ ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন ।
শুক্রবার ১৯ জুন বিকেলে শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগান মাঠে হারমোনি ফেস্টিভ্যালে’ প্রধান অতিথি হিসেবে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি। পরে তিনি হারমোনি ফেস্টিভ্যালের ষ্টল পরিদর্শন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের শক্তি তার বৈচিত্রে। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং আরও সমৃদ্ধ করে।
মন্ত্রী বলেন, মৌলভীবাজার শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। এখানে এবং এর আশপাশে প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পকলা ও জীবনধারা বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বর্ণিল করেছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কমিউনিটি বেইজড ট্যুরিজম, এথনিক ট্যুরিজম এবং টেকসই পর্যটন বিকাশে গুরুত্ব দিচ্ছে। আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি শুধু প্রদর্শিত হবে না, তা পর্যটনের সম্পদে রূপান্তরিত হবে; কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।
তিনি আশা প্রকাশ করেন, হারমনি ফেস্টিভ্যাল দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে এবং সাংস্কৃতিক পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. নাসের রহমান এমপি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস কানিজ মওলা।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা।
প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যা পর্যটকসহ সাধারণ মানুষের উপস্থিত জমে উঠে হারমোনি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ৩০টি প্রদর্শনী ষ্টলের পাশাপাশি থাকছে বাঙালির পিঠা পুলি ও খাবারের ষ্টল। পরে অনুষ্ঠিত হয় বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এসব নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।




মন্তব্য করুন