কমলগঞ্জে আরসিসি ব্লাড ডোনার ক্লাবের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

July 25, 2026,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপাড় বাজারে আরসিসি পরিবারের অঙ্গসংগঠন আরসিসি ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিসি ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি রিয়াজ আহমদ বাতির এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জ্যোতিষ মোহন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, শিক্ষানুরাগী আব্দুর রহিম মাস্টার, হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমুদ চন্দ্র দেবনাথ, রাজদিঘীরপাড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস শহীদ, আদর্শ যুব সংঘের সদস্য সচিব ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. রাকেশ মোহন্ত, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ, পতনঊষার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা আক্তার, আরসিসি পরিবারের প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান শাহানুর, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, ফুটবল ক্লাবের সদস্য আফসার আহমদ, ফুটবল ক্লাবের সভাপতি আলমাছ আহমদ, ব্লাড ডোনার ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আরসিসি পরিবার ২০০১ সাল থেকে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক-মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, অসহায় পিতার কন্যার বিয়েতে আর্থিক সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সহযোগিতা, বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ এবং ঘর নির্মাণে সহায়তাসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও সংগঠনটির উদ্যোগে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com