কুলাউড়ায় বীমার টাকা পাওয়ার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

August 11, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় প্রগতি লাইফ ইন্সুরেন্সে জমাকৃত ১ লক্ষ ৮০ হাজার টাকা দ্রুত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাছিফা বেগম (২৯) নামের এক ভুক্তভোগী নারী। দীর্ঘদিন থেকে তিনি ওই বীমা কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী, কুলাউড়া অফিসের কর্মকর্তা ও সিলেট বিভাগীয় অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোন সূরাহা পাননি।

তাই প্রতিকার চেয়ে মঙ্গলবার ১১ আগস্ট বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামের মকছন্দ আলীর মেয়ে ভুক্তভোগী হাছিফা বেগম লিখিত বক্তব্যে বলেন, বীমা কোম্পানীর নিয়ম মেনে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি প্রগতি লাইফ ইন্সুরেন্সের কুলাউড়া শাখায় ১৫ বছর মেয়াদী একটি মাসিক বীমা করেন হাছিফা বেগম। মাসিক ৬ হাজার টাকা কিস্তিতে তিনি ৭২ হাজার টাকা জমা দেন। এই বীমার মেয়াদ শেষ হবার তারিখ ২০৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি। অন্যদিকে ২০২২ সালের ২১ মে একই কোম্পানিতে ১০ বছর মেয়াদী আরেকটি মাসিক বীমা করেন তিনি। মাসিক ৯ হাজার টাকা করে ১৩ কিস্তিতে তিনি ১ লাখ ৮ হাজার টাকা জমা দেন। এই বীমার মেয়াদ ২০৩২ সালের ২০ মে শেষ হবার কথা। বীমা করার সময় কুলাউড়া শাখার ইনচার্জের দায়িত্বে ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা শাহাজান আহমদ। তিনি বলেন, আমার স্বামী পৃথিমপাশা ইউনিয়নের কলিরকোনা এলাকার বাসিন্দা প্রবাসী আব্দুল মতিন প্রবাসে অসুস্থ থাকার কারণে বর্তমানে বীমা দুটির কিস্তি চালাতে অক্ষম। স্বামীর চিকিৎসার জন্য দেশে থাকা জমি বিক্রি ও ধার দেনা করে টাকা প্রবাসে পাঠানো হয়। এদিকে প্রগতি লাইফ ইন্সুরেন্সে দুটি বীমায় জমাকৃত ১ লক্ষ ৮০ হাজার টাকা উত্তোলন করার জন্য অফিসে অফিসে ঘুরেও প্রতিকার পাইনি। কোম্পানির কুলাউড়া শাখার ইনচার্জ শাহাজান আহমদ প্রবাসে চলে যাওয়ার কারণে বীমার দাবিকৃত টাকা পাওয়ার বিষয়ে কোন সূরাহা মিলছে না। প্রশাসনসহ বীমা কোম্পানির উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে বীমায় জমাকৃত টাকা পাওয়ার বিষয়ে মানবিকভাবে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স সিলেট বিভাগীয় অফিসের আইপিএল পদ্মা প্রকল্পের প্রধান এবং সিলেট অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা সালাউদ্দিন আকবর মুঠোফোনে বলেন, চলমান বীমার দুই বছর পর্যন্ত কিস্তি পরিশোধ করলে গ্রাহক যদি সেটি বিশেষ কারণে অপারগ হয়ে সমর্পণ করে তাহলে দাবিকৃত টাকা বিধি অনুযায়ী ফেরত পাবে। বর্তমানে গ্রাহকের বীমার মেয়াদপূর্ণ না হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে ভুক্তভোগী গ্রাহকের দাবির বিষয়টি সমাধানে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে। বীমার প্রয়োজনীয় কাগজপত্রসহ সিলেট অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com