কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে রামকান্ত সিংহ আবারও পরিচালক

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রামকান্ত সিংহ। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০-এর বিধি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আদেশক্রমে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার ২৯ আগস্ট সকালে একাডেমির পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন রামকান্ত সিংহ। পরে একাডেমিতে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর দাপ্তরিক কার্যক্রম শুরু করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যয় ব্যাক্ত করেন।
এর আগে রামকান্ত সিংহ মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় মণিপুরি সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় তিনি ভূমিকা রাখেন। একই সঙ্গে একাডেমির সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা জানান সংশ্লিষ্টরা।
পুনরায় দায়িত্ব গ্রহণের পর রামকান্ত সিংহ একাডেমির নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশের পাশাপাশি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিকে রামকান্ত সিংহের পুনরায় পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে মণিপুরি ললিতকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে। পাশাপাশি মণিপুরি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে একাডেমি আরও কার্যকর ভূমিকা রাখবে।



মন্তব্য করুন