(ভিডিওসহ) সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালক ও যাত্রীর

May 19, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে যাত্রীবাহী বাস ও  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার ১৯ মে সকালে সদর উপজেলার ইসলামপুর এলাকার কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ আলীর ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশা চালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির আলীর ছেলে তারেক মিয়া (২৭)।

জানা যায়, ১৯ মে শনিবার সকালে সিএনজি অটোরিকশা করে  কাঁচামাল ব্যবসায়ী নেপুর আলী ও অটোরিকশা চালক তারেক মৌলভীবাজার শহরে আসছিলেন। এমন সময়  চাঁদনীঘাট-কুলাউড়া সড়কে ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখা গামী একটি যাত্রীবাহী রুপসী বাংলা বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের সুরতাহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com