মৌলভীবাজারে জমে উঠেছে ঈদ কেনাকাটা

June 10, 2018,

আশরাফ আলী॥ প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতসহ সর্বত্রই ঈদের আমেজ বইতে শুরু করেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে বিপনীবিতান গুলো। সর্বত্রই ধুম পড়ছে কেনাকাটার। বরাবরের মতো রমজান শেষের দিকে জমে উঠে ঈদের বাজার।

মৌলভীবাজার শহরের বাণিজ্যিক এলাকা এম. সাইফুর রহমান রোডে বড় বড় বিপনী বিতানগুলোর অবস্থান। এ রোডে অভিজাত মার্কেটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এমবি ক্লথ ষ্টোর, বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর, আল মদিনা ক্লখ ষ্টোর, জুলিয়া শপিং সিটি ও অন্যান্য শপিং সেন্টারগুলো। ঈদকে সামনে রেখে অভিজাত মার্কেটগুলোতে ক্রেতদাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

শহরের এ রোডে অভিজাত মার্কেটগুলোর অবস্থান থাকায় ক্রেতাদের ভীড় এদিকে। যার ফলে ঈদ বাজার উপলক্ষে যানজট লেগেই থাকে এ রোডে। ভোগান্তিতে পড়েন ঈদের বাজার করতে আসা ক্রেতারা। যানজট নিরসনের জন্য পুলিশ প্রশাসন ও বিজনেস ফোরামের নিয়োজিত সিকিউরিটি গার্ডের সদস্যরা কাজ করে যাচ্ছেন। রাস্তায় গাড়ি পার্কিং করা থেকে বিরত রাখতে ও যানজট নিরসনে ক্রেতাদের সহযোগীতা করতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

এবারের ঈদবাজারে মেয়েদের শাড়ি, থ্রী পিছ, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোষাকের সমাহার ঘটেছে বিভিন্ন বিপনী বিতানগুলোতে।

পাঞ্জাবির মধ্যে অন্যতম হলো রাজনীতি, কাটোয়া, সেরওয়ানী, জামদানী ও স্লিকুইট। পাঞ্জাবির মূল্য রয়েছে ১হাজার থেকে ৩০হাজার টাকা পর্যন্ত। রাজনীতি পাঞ্জাবির মূল্য ৪ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। তবে ক্রেতাদের আকর্ষণ করছে সেরওয়ানী ও জামদানী।

শাড়ীর মধ্যে অন্যতম হলো মঙ্গা সিল্ক, থার্টি সিল্ক, চায়না সিল্ক, বেনারশী কাতান, টেডিশনাল, গোয়ালকালাম, পাটলি। শাড়ীর মূল্য রয়েছে ১ থেকে ৪০হাজার টাকা পর্যন্ত। মঙ্গা সিল্ক শাড়ীর মূল্য ৮ থেকে ২০হাজার টাকা পর্যন্ত। জয়পুরী কটন ১ থেকে ৪হাজার টাকা পর্যন্ত। বেনারশী কাতান ৫ থেকে ২০হাজার টাকা পর্যন্ত। ক্রেতাদের আকর্ষণ করছে বেনারশী কাতান ও মঙ্গা সিল্ক। তবে দেশী কাঁপড় টাঙ্গাইলের তাজ শাড়ীও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

থ্রী-পিছের মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতনী, বুম্বে সিল্ক, গুজরাটি বুটিক, জয়পুরী কটন ও পার্টি লেংরা। থ্রী-পিছের মূল্য রয়েছে ১ থেকে ২০হাজার পর্যন্ত। শান্তিনিকেতনী থ্রী-পিছের মূল্য ৪ থেকে ১৪হাজার, বুম্বে সিল্ক ৪ থেকে ২০হাজার ও জয়পুরী কটন ১ থেকে ৪ হাজার পর্যন্ত। তবে ক্রেতাদের আকর্ষণ করছে শান্তিনিকেতনী। এবছর বাজারে নতুন কাঁপড়  এসেছে পার্টি লেংরা।

ঈদকে সামনে রেখে বসে নেই ফুটপাতের বিক্রেতারা। স্বল্প আয়ের মানুষরা ফুটপাতে ভীড় করছেন কেনাকাটার জন্য। হরেক রকম ডিজাইনের কাঁপড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ফুটপাতের বিক্রেতারা। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে কেনাকাটার ধূম পড়েছে বিপনী বিতানগুলোতে।

ঈদ উপলক্ষে জুতার বাজারেও ক্রেতাদের ভীড় লক্ষ করা যাচ্ছে। জুতার মধ্যে ইস্পাক জুতা ক্রেতাদের আকর্ষণ করছে। বাচ্ছাদের ব্যান্টভেন্ট ও শিবা জুতা ক্রেতাদের আকর্ষণ করছে। এমনকি সোনা ও রুপার দোকানগুলোতে পছন্দের গয়না কেনাকাটা করছেন ক্রেতারা।

কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এবছর অনেক ধরণের কাঁপড় বাজারে এসেছে। তবে বাজারে কাঁপড় থেকে শুরু করে সকল পণ্যের মূল্য গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

মৌলভীবাজার বিজনেস ফোরামের সদস্য ও বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধিকারী সুমন আহমদ জানান, ব্যবসা মোটামুটি ভালো চলছে। তবে অন্য বছরের তুলনায় এবছর বিক্রি একটু কম। তিনি বলেন, বিদেশী রেমিটেন্স কম আসছে। প্রবাসীরা দেশে না আসার কারণে ব্যবসা তুলনামূলক কম হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com