মৌলভীবাজারে শহর রক্ষায় মনুপাড়ে রাতভর গণপাহারা

আব্দুল কাইয়ুম॥ মনু নদীর তীরবর্তী মৌলভীবাজার শহর প্রতিরক্ষাবাধ যেকোন সময় ভাঙ্গতে পারে এমন আশঙ্কায় রাতভর গণপাহারা বসিয়েছেন দুই পাড়ের বাসিন্দারা । শুক্রবার (১৫ জুন) হটাৎ দানবে রূপ নেয়া গিষ্মকালের খরস্রোতা মনুনদীর স্রোত সময়ে সময়ে বাড়তে থাকলে নদীর প্রতিরক্ষাবাধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা তৈরি হলে মুহুর্তেই শহর ফাঁকা হয়ে যায়। ৪ দিনে ভারতের উজান থেকে নেমে আসা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারনে সৃষ্ট বন্যায় এরই মধ্যে জেলার বেশ কয়েকটি উপজেলা তলিয়ে গেছে। শুক্রবার রাত থেকে মনুর পানি বেড়ে গিয়ে তীব্র আকার ধারন করায় মৌলভীবাজার শহর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের মাঝে উৎকন্ঠা ও আশঙ্কা বিরাজ করতে থাকে। শহরের এম সাইফুর রহমান সড়ক (সেন্ট্রাল রোড) এসআর প্লাজা, দক্ষিণ মুলাইম এলাকার কুমার বাড়ি, বলিয়ার ভাগ, সাবিয়া, শাহবন্দর ও কননকপুর এলাকা সমূহ যেকোন সময় মনুনদীর প্রতিরক্ষাবাধ ভেঙ্গে তলিয়ে যেতে পারে তাই রাস্তা বন্ধ করে এসব এলাকার হাজার হাজার সাধারণ মানুষ লাঠিসোটা হাতে নিয়ে রাতভর গণপাহাড়া বসিয়েছেন। তাদের ধারনা শহর রক্ষার নামে অন্যত্র বাধ ইচ্ছাকৃত ভেঙ্গে দিয়ে আশপাশের গ্রামগুলো তলিয়ে যাবে তাই তাদের এমন অবস্থান। সরেজমিনে গিয়ে দেখা গেছে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়ক এর পার্শবর্তী মনুনদীর নিরাপত্তা দেয়ালের নিচ দিয়ে পানি ছুয়ে ছুয়ে বের হতে থাকলে এই সড়কটিতে প্রশাসন যানচলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ পায়ে হেটে ঈদের কেনাকাটা করতে থাকে। শুক্রবার সন্ধ্যার পর নদীর পানি বেড়ে গেলে রাত ৯টার পর থেকে এসড়কটিতে সাধারণ মানুষের চলাচলে প্রশাসন কিছুটা করাকরি আরোপ করে , চলে পৌরসভার পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা। রাত ১০টার দিকে সিলেট থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি দল পরিস্থিতি পরিদর্শন করতে আসেন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই সড়কটিতে। এর পর জেলা গোয়েন্দা শাখার সদস্যরা সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসীর সামনে সকল প্রকার যানচলাচল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ করে দেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশের দলটি রাত ১২টার দিকে চলে গেলে সিমানা দেয়ালের নিচ দিয়ে পানি বের হয়ে সড়কে প্রবেশ করে সিমানা দেয়াল এর উপর দিয়ে পানি শহরে প্রবেশ করতে পারে এমন আশঙ্কায় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে সিমানা দেয়ালের নিচে বালুভর্তী বস্তা ফেলে বাধঁ তৈরি করে শহর রক্ষার প্রানান্তর চেষ্টা চালান। এই অভিযানে শহরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ শতস্ফুর্ত অংশগ্রহন করেন। এদিকে মনুনদীর পানি প্রতি মুহুর্তে বাড়তে থাকায় সাধারণ মানুষের শঙ্কা শহর ও এর আশপাশের এলাকা তলিয়ে যাবার। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, মৌলভীবাজার জেলা শহর রক্ষায় ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা মোতায়েন রয়েছেন, শনিবার বিকালের দিকে সার্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।



মন্তব্য করুন