ডেভেলপমেন্ট অব এসডিজি-৪ স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক এন্ড এ্যাকশন প্ল্যান ফর বাংলাদেশ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শহরের ওয়েষ্টার্ন রেস্টুরেন্টের কনফারেন্স হলে সিডা, মৌলভীবাজারের আয়োজনে ডেভেলপমেন্ট অব এসডিজি-৪ এর স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক এন্ড এ্যাকশন প্ল্যান ফর বাংলাদেশ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়।
২৩ জুলাই সোমবার উক্ত আলোচনা সভাটি যৌথভাবে বাংলাদেশ সরকার, ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় কমিশন ইউনেস্কো, গণসাক্ষরতা অভিযান, সিএইএফ ও এডুকেশন ২০৩০ এর সহযোগিতায় আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বর্তমানে কনসালটেন্ট ইউনেস্কো শ্যামল কান্তি ঘোষ, কনসালটেন্ট ইউনেস্কো জিয়া উস সবুর, ইউনেস্কো এর প্রোগ্রাম অফিসার শিরিন আক্তার, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক ও উপ কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিডা, মৌলভীবাজার এর চেয়ারম্যান শেখ সামসুজ্জামান আহমদ (সেলিম) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয় এবং গণসাক্ষরতা অভিযানের উপ পরিচালক কে এম এনামূল হকের উপস্থাপনায় আলোচনা সভার বিষয়বস্তু বিস্তারিত বর্ণনার মাধ্যমে মূল আলোচনার সূত্রপাত হয়।
সভায় জেলার সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কারিগরী শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন এছাড়াও সাংবাদিক, শিক্ষা গবেষক, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্টান প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষা প্রতিনিধি, চা বাগান প্রতিনিধি, আদিবাসি প্রতিনিধি ও হাওর অঞ্চল প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন। সভায় এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে অর্জনের উপর গুরুত্ব দিয়ে উপস্থিত সকলেই বিদ্যমান শিক্ষা পরিস্থিতিকে কিভাবে আরও সমৃদ্ধ করে বাংলাদেশে নিরক্ষর মুক্ত ও একীভূত সাম্যভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরী করে উন্নত শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়া যায় তার উপর বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্টী যেমন আদিবাসীদের মাতৃভাষার শিক্ষার প্রসার, চা জনগোষ্ঠীর বিদ্যালয় সরকারী করন, হাওর অঞ্চলের নারী শিক্ষা অগ্রগতি ও নিয়মিত পাঠ কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা ও টেকসই রাখা, অতিরিক্ত পাঠ্য বই ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমানে শিক্ষার মানের চেয়ে এ প্লাস প্রতিযোগিতার বিষয়ে সভায় আলোচনা হয় কিন্তু শিক্ষা বিদরা মনে করেন শিক্ষার মান নিয়ে কাজ করা প্রয়োজন। শিক্ষার মান বৃদ্ধির জন্য দক্ষ শিক্ষক তৈরী সময়ের দাবী। শিক্ষার সুশাসন ও জবাবদিহিতার বিষয়েও গুরুত্বারুপ করা হয় এবং এজন্য প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজনীয় লোকবল প্রয়োজন বলে সংশ্লিষ্টরা দাবী জানান। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্মানিত অংশগ্রহনকারীগণকে ধন্যবাদ জানিয়ে গণসাক্ষরতা অভিযানের কে এম এনামূল হক সভার সমাপ্তি ঘোষনা করেন।



মন্তব্য করুন