ঈদের কেনাকাটায় ন্যায্য মূল্যে প্রাপ্তির নিশ্চয়তায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার কোর্ট রোড, শাহ মোস্তফা গার্ডেন সিটি, সেন্ট্রাল রোড, এম সাইফুর রহমান রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৭ মে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স, মৌলভীবাজার চেম্বার অফ কমার্সে পরিচালক আতাউর রহমান, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য রোকেয়া চৌধুরী। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত সুপার ড্রাগকে ৩০ হাজার টাকা, শাহ মোস্তফা গার্ডেন সিটিতে অবস্থিত ট্রেডিশনকে ৩০ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত ঈশিকা ফেব্রিকসকে ৪ হাজার টাকা, এম সাইফুর রহমান রোডে অবস্থিত আনন্দ বাজার ষ্টোরকে ৩ হাজার টাকা, হিরা মণি জুয়েলার্সকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৬৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করে পণ্য সামগ্রী বিক্রয় করা, অতিরিক্ত দামে পণ্য সামগ্রী বিক্রয় করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন