শ্রীমঙ্গলে চা শ্রমিক সুবল হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন

বিকুল চক্রবর্তী॥ চা শ্রমিক হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা করে জরিমানার রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। ৭ জুলাই রোববার বিকেল ৫টার দিকে এই রায় ঘোষণা করেন দায়রা জজ শেখ মোঃ আবু তাহের।
মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাড. এ এস এম আজাদুর রহমান জানান, পাওনা টাকা লেনদেন কে কেন্দ্র করে ২০১৫ সালের ১৫ মে শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগানের চা শ্রমিক বির্জু তাতী ঔরপে বুজু (৩২) কে ডেকে নেয় একই বাগানের শ্রমিক সুবল রাউতিয়া ও সুকু কালিন্দি। এরপর সে আর বাগানের কলোনিতে ফিরে আসেনি। পরের দিন ১৬ মে শ্রীমঙ্গল উপজেলার জাকছড়া চা বাগানের রাবার বাগান এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রিতা তাঁতী (২৪) বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় সুবল ও সুকুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমান শেষে রোববার বিকেলে দুই আসামীকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা করে জরিমানার রায় দেন। উল্লেখ্য, মামলার প্রথম আসামী সুবল রাউতিয়া ইতিপূর্বে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রায় ঘোষণার সময় দন্ড প্রাপ্ত সুবল আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী সুকু কালিন্দি পলাতক রয়েছেন। পলাতক সুকু কালিন্দির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানে।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন মৌলভীবাজার জজ আদালতের পিপি অ্যাড. এএসএম আজাদুর রহমান। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী রিতা তাঁতী।



মন্তব্য করুন