রাত পোহালেই আওয়ামীলীগের সম্মেলন কে হচ্ছেন সদর উপজেলায় নৌকার কান্ডারী

December 1, 2019,

আশরাফ আলী॥ রাত পোহালেই মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে জল্পনা-কল্পনা চলছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। আগামীদিনের নৌকার কান্ডারি কে হচ্ছেন সদর উপজেলায়। এনিয়ে চলছে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও পর্যালোচনা।

দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। দীর্ঘ দিন ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূল থেকে উঠে আসছে না নতুন নেতৃত্ব। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন।

পদ প্রত্যাশীরা দৌঁড়ঝাপ করেছেন তৃণমূল থেকে জেলা ও কেন্দ্রতে। এবারের কমিটিতে নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা করছেন দলের বয়োজ্যেষ্ঠ নেতারা। তাই নতুন মুখ আসতে পারে এই কমিটিতে।

অন্যদিকে সম্মেলনকে ঘিরে মৌলভীবাজারে ব্যস্ত সময় পার করছেন উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ ১৪ বছর পর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য অনেকটা বেড়ে গেছে। ইতোমধ্যেই নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে উপজেলা জুড়ে বিলবোর্ড ও ফেস্টুন ছেয়ে গেছে। শহরে ও তৃণমূলের হাটবাজারে সম্মেলনের আসা সম্ভাব্য অতিথিদের পোষ্টার ব্যাপকভাবে সাঁটানো হচ্ছে। এবার ক্লিন ইমেজের নেতৃত্ব প্রত্যাশা করছেন তাঁরা। সম্মেলনকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা যায়, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪১৯ জন। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের একক ক্ষমতা বলে কপশনে রয়েছে ১৫জন ভোটার। এই ১৫ জন ভোটারে থাকতে পারেন তৃণমূলের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও  শিক্ষক। সব মিলিয়ে মোট ভোটার রয়েছেন ৪৩৪ জন।

সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে। তার হলেন আনকার আহমদ, মোঃ আকবর আলী, আব্দুল মালিক তরফদার সুয়েব, আক্তারুজ্জামান, মোঃ আবু-সুফিয়ান ও মুজিবুর রহমান মুজিব।

সার্বিক বিষয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেন, “আমাদের প্রস্তুতি ভাল আছে। সব মিলিয়ে ৪-৫জনের নাম শোনা যাচ্ছে। কাউন্সিলিং হবে না সমাঝোতার ভিত্তিতে হবে তা পরিস্তিতিই বলে দিবে”।

তিনি জানান, ‘বর্তমান প্রধানমন্ত্রীর যে বিষয়গুলোর প্রতি লক্ষ্যে রাখতে বলেছেন। আমরা সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে কমিটি গঠন করবো। কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকের সাথে জড়িত কাউকেই কমিটিতে স্থান দেয়া হবে না’।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com