নানা কর্মসূচীতে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

তোফায়েল পাপ্পু॥ ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এ প্রতিবাদ্য নিয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
সকালে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক প্রমুখ।
উল্লেখ, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়। এরপর থেকে দিনটিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে।



মন্তব্য করুন