শ্রীমঙ্গলে পিতামাতা হারা ৩ শিশুকে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার ফারুক

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলের পিতা মাতা হারা তিন শিশুকে খাদ্য সামগ্রী দিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।
শনিবার মধ্যরাতে স্ত্রী অলকা তন্তবায় (৩৫) কে হত্যা করে নিজে আত্মহত্যা করেন এক স্বামী বিপুল তন্তবায় (৪২)।
রোববার সকালে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত স্ত্রীর লাশ ও দড়িতে ঝুলন্ত স্বামীর লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বাবা মা হারা হয়ে পড়া মৃত দম্পতির তিন শিশু শুভা তন্তুবায় (১৪), দেবা তন্তুবায় (৯) ও দেবী তন্তুবায় (৪) এর কথা ভেবে শিশুদের জন্য এগিয়ে আসেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।
১১ আগস্ট মঙ্গলবার হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে শিশুদের হাতে চাল ডাল তেল আলু পেয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে আসেন এবং ভবিষ্যতে যে কোন সমস্যা তাকে জানানোর জন্য বলেন। ভবিষ্যতেও তিনি আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, মির্জাপুর চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান প্রমুখ।



মন্তব্য করুন