আদালতের স্থিতাবস্থায় ভুমি জবর-দখলের চেষ্টার অভিযোগ, গাছপালা কর্তন

September 29, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় আদালতের স্থিতাবস্থা ভঙ্গ করে জনৈক ইসলাম উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুড়িকান্দি গ্রামের প্রবাস ফেরত আতাউর রহমানের বসতবাড়ির একাংশ জবর দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরে ভুক্তভোগীর অভিযোগে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জবর দখলকারীরা সটকে পড়ে।
জানা গেছে, প্রবাস ফেরত আতাউর রহমান দাসেরবাজার ইউপির নিজ জঙ্গল মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগের ৩ একর ৭৯ শতাংশ ভুমির দলিল ও মৌরসী সূত্রে মালিক ও দখলদার। কিন্তু ওই ভুমি ভুলবশত তার চাচা মুছব্বির আলীর নামে রেকর্ডভুক্ত হওয়ায় তিনি মৌলভীবাজার সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের (বাটোয়ারা) স্বত্ত্ব মামলা (২০৩/২০২১) করেন। এই মামলায় আতাউর রহমান প্রতিপক্ষের সুফিয়া বেগম, রিনা বেগম, তামিম রহমান, তানভির রহমান গংদের বিবাদী করেন। বিজ্ঞ আদালত আপত্তি দাখিলের পূর্ব পর্যন্ত উভয় পক্ষের জন্য বিরোধীয় ভুমির ওপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ২৪ সেপ্টেম্বর স্বত্ত্ব মামলাভুক্ত বাড়ি ও পুকুর শ্রেণীর ৯১ শতাংশ ভুমি জনৈক ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জনের সঙ্গবদ্ধ বাহিনী জোরপূর্বক জবর দখলের অপচেষ্টা চালায়। এসময় তারা আতাউর রহমানের সৃজিত ৪-৫ বছর বয়সী গাছ-পালাও কেটে ফেলে। থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা সরে যায়। এব্যাপারে আতাউর রহমান প্রতিপক্ষের ইসলাম উদ্দিন, আবু তাহের, তারেক আহমদ, তারেক আহমদ (২), আব্দুল হামিদ, সাহেদ আহমদ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
সরেজমিনে গেলে ভুক্তভোগী আতাউর রহমান অভিযোগ করেন, ইসলাম উদ্দিন আদালতের স্থায়ী স্থিতাবস্থা ভঙ্গ করে আমার দখলীয় বসতবাড়ির ৯১ শতাংশ ভুমি ২৪ সেপ্টেম্বর ৫০-৬০ লোক নিয়ে জবর দখলের চেষ্টা চালান। এসময় গাছপালাও কেটে ফেলেন। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ আসায় তারা সরে যায়।
অভিযুক্ত ইসলাম উদ্দিন জানান, ওই ভুমি ২০২১ সালের আগষ্ট মাসে একটি মাদ্রাসার জন্য তিনি ক্রয় করেছেন। তিনি আদালতের স্থিতাবস্থা ভঙ্গ করেননি। বরং আতাউর রহমান তার ক্রয়কৃত ভুমিতে গাছ লাগালে লোক পাঠিয়ে তিনি তা অপসারণ করেন। এ ব্যাপারে তিনিও থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com