কমলগঞ্জে ট্যুরিস্ট গাইড রামানন্দকে মা/রধ/রের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

October 25, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুরিস্ট গাইড রামানন্দ মল্লিককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাতজনের বিরুদ্ধে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ অক্টোবর শনিবার রাত আনুমানিক ৮টার দিকে রামানন্দ মল্লিকের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে বলে তাঁর স্ত্রী লাভলী মল্লিকের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলায় ধারালো দা, লোহার রড ও বাঁশের লাঠি ব্যবহার করা হয়। স্বামীকে রক্ষা করতে গিয়ে তাঁর বৃদ্ধা মা জোসনা মালাকারও মারধরের শিকার হন। এ ছাড়া লাভলী মল্লিককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

লাভলী মল্লিকের দাবি, ২০২৩ সালেও তাঁর শাশুড়িকে আঘাত করার ঘটনা ঘটেছিল। সে সময় রাজনৈতিক কিছু ব্যক্তির প্রভাবে মামলা কিংবা সালিশের মাধ্যমে সুষ্ঠু প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রেমা মালাকার, বিকাশ মালাকার, উপেন্দ্র মালাকারসহ সাতজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত প্রেমা মালাকারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com