বড়লেখায় পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়

October 29, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা সদরের মসজিদ মার্কেট, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে মঙ্গলবার ২৯ অক্টোবর পিঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করা, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় ভাউচার না এনে খুচরা ব্যবসায়ী কর্তৃক অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। অভিযানে তাকে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর আফছার আলী ও আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।

অভিযানকালে ময়না মিয়া ও জেসমিন নাহার নামক দুইজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষণিক আমলে নিয়ে মসজিদ মার্কেট ও পৌর মার্কেট বাজারে পিঁয়াজের দাম অতিরিক্ত নেয়ায় ছায়েদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার ২ শত এবং তাজুল ইসলাম এন্ড সন্সকে ৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয় এবং আইন অনুসারে অভিযোগকারীগণকে জরিমানার ২৫%=৮০০ টাকা করে ১,৬০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও অভিযানকালে পৌর মার্কেটে অবস্থিত রতন ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বড়লেখায় অভিযান পরিচালনার সত্যতা স্বীকার করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com